রাঙ্গা: সংসদের বাথরুম এত সুন্দর, মনে হয় বসে নাশতাও করা যাবে

আগে জাতীয় সংসদের কোনো বাথরুমে যাওয়া যেত না, গেলেও ভয় করতো। এখন বাথরুম এত সুন্দর হয়েছে যে বসে মনে হয় নাশতাও করা যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

সোমবার (২৭ জুন) সংসদের বৈঠকে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ ভবনের অবকাঠামোর উন্নয়নের প্রশংসা করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। 

এ সময় তিনি বিভিন্ন খাতে সাফল্যের জন্য সরকারের ভূয়সী প্রশংসা করেন এবং বিএনপির সমালোচনা করেন।

মসিউর রহমান রাঙ্গা বলেন, “সংসদের ব্যাপক উন্নতি হয়েছে। আমাদের থাকার জায়গা সংসদ সদস্য ভবনের ফ্ল্যাটগুলো এত সুন্দর হয়েছে যে, আমি যে বাড়ি ভাড়া থাকি তা ছেড়ে দিয়ে এখানে থাকবো। আমার বিরোধী দলীয় চীফ হুইপ হিসেবে পাওয়া কক্ষে গেলেই বাতি জ্বলে ওঠে। বেরিয়ে এলে বাতি বন্ধ হয়ে যায়।” 

জাতীয় পার্টিকে সংসদের বৃহত্তম বিরোধী দল আখ্যায়িত করে রাঙ্গা বলেন, “এই সংসদে আমরাই বৃহত্তর বিরোধী দল। এখানে কোনো ভুল নেই।”

এ সময় তিনি বিএনপিকে বিরোধী দল হিসেবে উল্লেখ করে সংসদে যেসব বক্তব্য দেওয়া হয়েছে তা এক্সপাঞ্জ করার দাবি জানান।

পদ্মা সেতুর প্রশংসা করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করে, কষ্ট করে, এই সেতুটি দাঁড় করিয়েছেন। আমার মনে হয় সেতুটি যদি উনি (প্রধানমন্ত্রী) সম্পন্ন করতে না পারতেন তাহলে উনি একটা নিজের ক্ষতি নিজেই করে বসতেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রধানমন্ত্রীর কাছে। এরকম একটি সম্ভাবনা উনার মধ্যে আমি দেখেছিলাম, যে অ্যানি হাউ তিনি এটা করতে চান। উনি এটা করেছেন।”