ওবায়দুল কাদের: খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে

আগামী নির্বাচনে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, “খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, প্রস্তুত হয়ে যান। রাজনৈতিকভাবে আমরা মোকাবিলা করবো। খেলার নিয়ম ভঙ্গ করলে খবর আছে। খেলা হবে বিএনপির বিরুদ্ধে। খেলা হবে আগামী ডিসেম্বরে। বিএনপি স্বাধীনতার শত্রু। বিজয়ের মাসে আপনারা প্রস্তুত হয়ে যান।”

রবিবার (২০ নভেম্বর) বিকালে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। নির্বাচনে ঠিক হবে ক্ষমতায় কারা থাকবে, আর কারা চলে যাবে।”

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বিএনপিকে ভুলে যাওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, “মৃত এই ইস্যুকে জীবিত করার অপচেষ্টা করবেন না। যে স্বপ্ন দেখছেন, তা দুঃস্বপ্ন হয়ে যাবে। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না, ভয় দেখাবেন না। আওয়ামী লীগ জীবিত আছে। দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।”

আওয়ামী লীগ রাজপথে থাকবে জানিয়ে তিনি বলেন, “কেউ খেলতে আসলে জবাব দেওয়া হবে। অনেক ষড়যন্ত্র হয়েছে, আপনারা প্রস্তুত থাকুন। এখন সামনে-পেছনে কত লোক, কিছুই আমি দেখছি না। আমরা জানি, মানুষ কষ্টে আছে, গরিবরা কষ্ট পাচ্ছে। বিএনপি যতই অপপ্রচার করুক না কেন, প্রধানমন্ত্রী বলেছেন দেশে দুর্ভিক্ষ হবে না।”

ঢাকা মহানগর উত্তর আওয়ামী সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন— আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।