অবশেষে ঢাকায় সমাবেশ করার অনুমতি পেয়েছে জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে।
শনিবার (১০ জুন) দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশ হবে। তবে ঘরোয়া এই কর্মসূচির জন্য দলটিকে মিলনায়তনের বাইরে জড়ো না হওয়াসহ বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দলের আমির শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা ও আলেমদের মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ সমাবেশ করছে।
জানা গেছে, ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিলে পুলিশের অনুমতি নিয়ে সর্বশেষ বিক্ষোভ মিছিল করেছিল জামায়াতে ইসলামী। সেই হিসেবে ১০ বছরের বেশি সময় পর ঢাকায় কর্মসূচি পালনের অনুমতি পেল জামায়াত।
এর আগে ৫ জুন ঢাকার বায়তুল মোকাররম এলাকায় সমাবেশের অনুমতি চাইলেও ডিএমপি থেকে অনুমতি পায়নি জামায়াত।
শুক্রবার রাতে ঢাকায় এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, “জামায়াত সমাবেশের অনুমতি পাবে কি-না, রাতে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা অতীতে পুলিশের উপর হামলা করেছে, বিভিন্ন বোমা হামলার ঘটনায় তাদের নাম এসেছে। দীর্ঘদিন ধরে তারা জনসাধারণের চোখে পড়েনি। এখন তারা সমাবেশ করতে চাচ্ছে।”