প্রধানমন্ত্রীর পক্ষে ববির পুষ্পস্তবক অর্পণ কি রাজনৈতিক চমক?

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

ওই সময় জাতিসংঘের পঞ্চম স্বল্পোন্নত দেশ সম্মেলনে (এলডিসি৫) যোগ দিতে কাতারের দোহায় ৪ থেকে ৮ মার্চ রাষ্ট্রীয় সফরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুষ্পস্তবক দেওয়ার ভাইরাল ছবিটিতে দেখা যায়, সারিবদ্ধভাবে দুইপাশে দাঁড়িয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং সরকারের মন্ত্রিসভার সদস্যরা। আর ববি একা পুষ্পস্তবক অর্পণ করছেন।

সোমবারের প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে রাদওয়ানের উপস্থিতি রাজনৈতিক চমক কি না সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের এক প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু কন্যা এমন কথা নাকচ করেন।

তিনি বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য নয়, রাদওয়ান আমাদের পরিবারের পক্ষ থেকে সেখানে ছিলেন।

“আপনি লক্ষ্য করেছেন আমার ও শেখ রেহানার মোট পাঁচ সন্তান বাংলাদেশের মানুষের জন্য কাজ করছে। তাদের সে ধরনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। এছাড়াও, তারা আমাদের দলের সদস্য নয়,” তিনি যোগ করেন।

প্রধানমন্ত্রী বলেন, “ইয়ং বাংলা, স্টার্টআপ বাংলাদেশ, সিআরআই ও অটিজম সংক্রান্ত যে কাজগুলো তারা করছে তা শুধুমাত্র এদেশের মানুষের কল্যাণের জন্যই করছে।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই সন্তান। ১৯৭১ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার অন্যান্য সকল সন্তানকে হত্যা করা হয়।

সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান। রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক শেখ রেহানার সন্তান।