সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘যতদিন জামায়াত থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে’ মর্মে কবি ও কলামিস্ট ফরহাদ মজহারের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৩ আগস্ট) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘‘দেশের প্রথিতযশা কলামিস্ট, কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার সম্প্রতি এক অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। আমরা তার এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তবে আমরা সবসময়ই গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি।’’
জামায়াত নেতা জুবায়ের আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ দীর্ঘ সাড়ে ১৬ বছর জামায়াতে ইসলামীসহ পুরো দেশবাসীর ওপর চরম জুলুম-নির্যাতন, গুম, খুন এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। চরম প্রতিকূল পরিবেশেও জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছে। এর ফলে জামায়াতের শীর্ষ নেতারা শাহাদতবরণ করেছেন এবং হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব ও কারাবরণ করেছেন।
বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেন, ‘‘চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে, এমন বক্তব্য জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। সরকারিভাবে নিষিদ্ধ আওয়ামী লীগকে যারা রাজনীতিতে পুনর্বাসনের জন্য নতুন বয়ান তৈরি বা প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতা করবে, তারা ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত হবে।’’
বিবৃতির শেষাংশে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই চেতনাকে ধারণ করে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে আন্দোলন চালিয়ে যাচ্ছে।



