প্রাক্তন মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এর স্ত্রী মাহমুদা আনোয়ার (৮৬) বার্ধক্যজনিত কারণে সোমবার (১১ অক্টোবর) ইন্তেকাল করেছেন।
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের নিজ বাসায় তার মৃত্যু হয়েছে বলে বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজার নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সূত্র জানায়, তার দ্বিতীয় ছেলে মো. মাসুদ আনোয়ার ও মেয়ে খাদিজা আনোয়ার যুক্তরাষ্ট্র থেকে দেশে এলে আগামী ১৩ অক্টোবর বাদ জোহর নামাজে জানাজা শেষে হোমনাস্থ নিজ বাড়িতে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।
এর আগে রাজধানীর কাঁটাবনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মাহমুদা আনোয়ার পাকিস্তান আমলের সাবেক কৃষি মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের মেয়ে ছিলেন।
বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজার তার মায়ের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৪ অক্টোবর প্রাক্তন মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার মারা যান।