দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
বির্তকিত কর্মকাণ্ডের কারণে বরিশাল সিটির ২০২৩ সালের নির্বাচনে তিনি নৌকার টিকেট হাতছাড়া করেন। সিটি নির্বাচন থেকে ছিটকে গিয়ে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তবে, তাকে নৌকা প্রতীক দেয়নি ক্ষমতাসীন দলটি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছ থেকে সাদিকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
সাদিক আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহর বড় ছেলে। তিনি ২০১৮ সালে নৌকার টিকেটে বরিশাল সিটির মেয়র নির্বাচিত হয়েছিলেন। এখন বরিশাল সিটির মেয়র সাদিক আবদুল্লাহর আপন ছোট চাচা আবুল খায়ের আব্দুল্লাহ।
সাদিকের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর সংবাদমাধ্যমকে বলেন, “দলের সিদ্ধান্ত মনোনয়ন স্বতন্ত্রভাবে যে কেউ নির্বাচন করতে পারবে। দলের এই সিদ্ধান্ত প্রচারিত হলে তৃণমূলের নেতাকর্মী ও সুশীল সমাজের দাবির মুখে তিনি প্রার্থী হচ্ছেন।”
বরিশাল-৫ আসনে বর্তমান সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। জাহিদ ফারুকের সঙ্গে সাদিক আব্দুল্লাহর রাজনৈতিক অন্তঃকোন্দল রয়েছে। আলোচনা রয়েছে, সিটি নির্বাচনে সাদিক আব্দুল্লাহর বিপক্ষে অবস্থান নেন জাহিদ ফারুক।
এবার জাহিদ ফারুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন সাদিক আব্দুল্লাহ। মনে করা হচ্ছে, এর ফলে অনেকটা বেকায়দায় পড়বেন নৌকার প্রার্থী জাহিদ ফারুক।