একাত্তরের অপমানের প্রতিশোধ নিতে মার্কিনিরা রাজাকারদের রাষ্ট্রক্ষমতায় বসানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
তিনি বলেছেন, “একাত্তর সালে মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করেন তখন পাকিস্থানের পক্ষে দাঁড়িয়েছিল মার্কিনিরা। যুদ্ধে আমরা জয়ী হয়েছি। ওরা অপমানিত হয়েছে। অপমানের প্রতিশোধ নিতে এখন আবার রাজাকারদের রাষ্ট্রক্ষমতায় বসাতে চায় তারা।”
শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের নাজিরপুরে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
শ ম রেজাউল করিম বলেন, “মুক্তিযোদ্ধারা চিরদিন বেঁচে থাকবে না। তাদের সন্তানরা থাকবে। এদেশ আর কোনোদিন রাজাকারের অধীনে যাবে না।”
তিনি আরও বলেন, “বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পরে কারা প্রতিষ্ঠিত হয়েছিল। ভুলে যাবেন না এই দেশে রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী করা হয়েছিল; মশিউর রহমান যাদু মিয়াকে প্রধানমন্ত্রীর মর্যাদায় জ্যেষ্ঠ মন্ত্রী করা হয়েছিল। পিস কমিটির নেতা আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট করা হয়েছিল। আর মুক্তিযোদ্ধারা ধুকে ধুকে মরছিল।”
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে। তাদের ফাঁসির রায় কার্যকর করেছি। ঘাতক মতিউর রহমান নিজামী, আলি আহসান মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরীরা তাদের গাড়িতে দেশের পতাকা নিয়ে ঘুরবে এটা স্বাধীন বাংলাদেশে হতে পারে না। শেখ হাসিনা সাহসী পদক্ষেপ নিয়ে ঘাতকদের বিচার করে তাদের দম্ভ চূর্ণ করেছেন।”
শ ম রেজাউল করিম বলেন, “আবার তারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। এখনো ষড়যন্ত্র আছে। আমরা ৭১ চেতনায় বিশ্বাস করে শেখ হাসিনাকে আবার রাষ্ট্র ক্ষমতায় আনবো। এটিই হোক আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা।”