রাঙ্গা হারলেন, জাতীয় পার্টিকেও হারালেন

আওয়ামী লীগের ছেড়ে দেওয়া রংপুর-১ আসনে পরাজিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ও জিএম কাদেরের ভাতিজা মকবুল শাহরিয়ার। আসনটিতে জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ভোট।

এই আসনে আওয়ামী লীগ সমর্থক স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু কেটলি প্রতীকে সর্বোচ্চ ৭৩ হাজার ৯২৭টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মসিউর রহমান রাঙ্গা ট্রাক প্রতীকে পান ২৪ হাজার ৩৩২ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার লাঙ্গল প্রতীকে ১০ হাজার ৮৯২ ভোট পেয়েছেন।

আসনটিতে মোট ভোটার তিন লাখ ৩২ হাজার ২১৯ জন। এ আসনে মোট ভোট পড়েছে এক লাখ ১৪ হাজার ৯৩২টি। বৈধ ভোটের সংখ্যা এক লাখ ১৩ হাজার ২০২টি। বাতিল ভোটের সংখ্যা এক হাজার ৭৩০টি। এই আসনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আজ সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবার বিএনপিসহ বেশকিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। তারপরও ২৮টি রাজনৈতিক দলের ১,৫৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে ছিলেন ৪৩৬ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ২৬৬ জন, জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির প্রার্থী ১৩৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৬৬ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, জাতীয় পার্টির (জেপি) ১৩ জন, বিকল্পধারা বাংলাদেশের ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।