চিকিৎসার জন্য ভারতে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ছয় দিন ধরে তার সঙ্গে কোনো মাধ্যমে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারি আব্দুর রউফ ঢাকা ট্রিবিউনকে জানান, গত ১১ মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। এরপর দুই দিন পরিবার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তবে গত ১৪ মে থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। তার ব্যবহৃত হোয়াটস অ্যাপ নম্বরটিও বন্ধ রয়েছে।
আব্দুর রউফ বলেন, “তিনি কোথায়, কীভাবে আছেন সেটা জানতে না পেরে পরিবার ও দলীয় নেতাকর্মীরা উদ্বিগ্ন রয়েছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। এছাড়া সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হয়েছে।”
এমপি আনোয়ারুল আজীম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, “গত কয়েকদিন ধরে বাবার সঙ্গে যোগাযোগ নেই। এজন্য আমরা দুশ্চিন্তায় আছি। আমরা সব উপায়ে যোগাযোগের চেষ্টা করছি।”
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু বলেন, “এ বিষয়ে আমি কিছুই শুনিনি। তবে যদি ঘটনা সত্য হয়, তা খুবই উদ্বেগ ও দুঃখজনক ব্যাপার। বিষয়টি আমি দল ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, “বিষয়টি তার পরিবার আজকেই আমাকে জানিয়েছেন। আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।”
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজিফ বলেন, “স্থানীয় এমপি মহোদয়ের নিখোঁজ থাকার খবর লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।”
আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিন বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।