বেনজীর প্রসঙ্গে কাদের: অপরাধ করলে শাস্তি পেতে হবে

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সম্পদ জব্দে আদালতের আদেশের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “অপরাধীকে আমরা অপরাধী হিসেবে দেখি। অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে।”

শুক্রবার (২৪ মে) বেলা ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “অপরাধ করে কেউ পার পাবে না। বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে কেন প্রোটেকশন দিতে যাব? তিনি সাবেক আইজিপি হোন আর সাবেক সেনাপ্রধান হোন। আমাদের দেশের প্রচলিত আইন তাদের শাস্তির কাছে সমর্পণ করবে।”

দুর্নীতির অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি বেনজীর আহমেদের নামে থাকা ৮৩টি দলিল “ক্রোক” এবং ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট “ফ্রিজের” নির্দেশও দিয়েছেন আদালত। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের এই আদেশ আসে। বেনজীর আহমেদের সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে আদালতে এই আবেদন করেছিল দুদক।

বেনজীর আহমেদের প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, “বিষয়টি দেখতে হবে, ব্যক্তি যত প্রভাবশালী হোক, অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে। কথা হচ্ছে, এ ব্যাপারে তাদের অপকর্ম-অপরাধের শাস্তির ব্যাপারে সরকার সৎ সাহস দেখিয়েছে কি-না? শেখ হাসিনা সরকারের সেই সৎ সাহস আছে। কেউ পার পাবে না।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে যাদের দণ্ড হয়েছে, তারা অধিকাংশ নয়, সবাই ছাত্রলীগের। কিন্তু সরকার তাদের প্রোটেকশন দিতে যায়নি। এমনকি বিশ্বজিৎ দাসের হত্যাকারীদের ফাঁসি হয়েছে। সেখানেও সরকার কোনো প্রোটেকশন দেয়নি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।