আইনমন্ত্রী: খালেদা জিয়ার হার্টে পেসমেকার লাগানোর প্রক্রিয়া চলছে

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার হার্টে পেসমেকার লাগানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, “যতটুকু জানি, আজ কিছুক্ষণ আগ থেকে খালেদা জিয়ার হার্টে পেসমেকার লাগানের প্রক্রিয়া চলছে। তবে কিডনির বিষয়ে আমি কিছু জানি না।”

রবিবার (২৩ জুন) ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য রিফ্রেশার কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

আনিসুল হক বলেন, “বিদেশে যাওয়ার ব্যাপারে তাদের (পরিবার) কাছ থেকে এখন পর্যন্ত কোনো কথা আসেনি। আমি সে বিষয়ে কোনো বক্তব্য দেব না।”

আইনমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী মানবিকভাবে দেখেছেন বলেই খালেদা জিয়া বাসায় থেকে ওনার ইচ্ছেমতও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে ওনার মুক্তির নির্বাহী আদেশটি একটা আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে। সেই আইনে তাকে এখন বিদেশ যেতে দেওয়া যায় না।”