বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন ও  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার (২০ নভেম্বর) বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইং-এর সদস্য শামসুদ্দিন দিদার।

শামসুদ্দিন দিদার বলেন, “ম্যাডাম শারীরিকভাবে কিছুটা সুস্থ রয়েছেন। আগামীকাল তিনি সশস্ত্র বাহিনী দিবসে যোগ দিবেন, যদি তার শারীরিক অবস্থা খারাপ না হয়।”

১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করেছিল। সেই দিনটা সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয় প্রতি বছর। দিবসটি ঘিরে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিশেষভাবে আমন্ত্রণ পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২০০৯ সালে সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে যোগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 

এই অনুষ্ঠানে যোগ দেওয়ার মাধ্যমে ৬ বছরের বেশি সময় পর জনসম্মুখে কোনো অনুষ্ঠানে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন তিনি।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আমন্ত্রণপত্র গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।