আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মানিক মিয়া এভিনিউয়ে “সর্বজনীন কনসার্ট” করবে বিএনপির নেতাদের সংগঠন “সবার আগে বাংলাদেশ”।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকার গুলশান এভিনিউয়ের উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, “বিজয় দিবসে আমরা নতুন প্রত্যাশা নিয়ে, নতুনভাবে বাংলাদেশের জনগণ ও নতুন প্রজন্মের কাছে হাজির হব।”
তিনি বলেন, “গত ১৫ থেকে ১৬ বছর বাংলাদেশের মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার, অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে।”
সর্বজনীন কনসার্টে এককভাবে গাইবেন, শিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
কনসার্টে ব্যান্ড দল- নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে।
এ্যানি বলেন, “সবার আগে বাংলাদেশ একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমরা দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে দেশের তরুণ, ছাত্র, যুবশক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি।”
সংবাদ সম্মেলনে বিএনপির রশিদুজ্জামান মিল্লাত, সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, মিডিয়া সেলের আতিকুর রহমান রুমন, জাহিদুল ইসলাম রনি, এহসান মাহমুদ উপস্থিত ছিলেন।