তারেক রহমান: বিএনপি একা নয়, সকলে মিলে স্বৈরাচারকে বিদায় করেছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বিএনপি একা নয়, সব রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষ একত্রিত হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে। যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, তেমনি দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নীলফামারীতে এক জনসভায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জনসভায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, “আপনাদেরকে মানুষের কাছে পৌঁছাতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে হবে। আমরা নিজেদের সংযত রাখবো এবং আমাদের সহকর্মীদের সংযত রাখতে চেষ্টা করবো। স্বৈরাচার যখন জনগণকে অধিকারবঞ্চিত করে অস্ত্রের মুখে ক্ষমতা ধরে রেখেছিল, তখন আমি বলেছিলাম ‘টেক ব্যাক বাংলাদেশ’। এর অর্থ হলো, জনগণের বাকস্বাধীনতা ও জনগণের অর্থনৈতিক অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “দেশের জন্য আমরা দল থেকে কী করবো, দলীয়ভাবে কী পদক্ষেপ নিতে পারি-এসব আমাদের পরিকল্পনার মধ্যে আছে। পরবর্তী নির্বাচনের আগে জনগণকে দেখাতে হবে, আপনি কী কী করতে পেরেছেন। সবটা হয়তো আমরা পারবো না, তবে যতটুকু করবো, তা জনগণের কাছে তুলে ধরবো। তখন জনগণ এর বিচার করবে। আগামীর ভোটই শুধু ভোট না। শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে বাংলাদেশকে এখনও অনেক দূর এগোতে হবে।”