একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, “দয়া করে এখনই আজহারকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। তাকে ভেতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না।”
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, “সরকারকে অনুরোধ করেছি, ২৫ ফেব্রুয়ারি আমি স্বেচ্ছায় নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলব আমাকে গ্রেপ্তার করুন। আমাকে কারাগারে পাঠান। যেদিন আজহার ভাই মুক্তি পাবেন, পরদিন আমাকে মুক্তি দিয়েন।”
জামায়াতকে সরাসরিভাবে দেশের তিন কোটি মানুষ সমর্থন করে, এমন দাবি করে জামায়াতের আমির বলেন, “আজহারুল ইসলামকে মুক্তি না দিলে এই তিন কোটি মানুষ জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে।”
লক্ষ্মীপুর জেলা জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শফিকুর রহমান।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। সে সময় জামায়াতের বেশ কয়েকজন নেতার ফাঁসিও কার্যকর করা হয়। গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন মন্ত্রী-এমপি, সাবেক আইজিপি ও সেনা কর্মকর্তাকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করা হয়েছে।