আদালত চত্বর থেকে ৫ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পিপি ও জিপিসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২ মার্চ) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। পিরোজপুরের পুলিশ সুপার বিষয়টি জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন - পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এম মতিউর রহমান, সাবেক পিপি খান মো. আলাউদ্দিন, সাবেক জিপি শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু। এর মধ্যে আলাউদ্দিনের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়। সেই মামলাগুলোতে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন তারা। পরে রবিবার সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করা হয়েছিল। তবে উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের মেয়াদ এখনও শেষ না হওয়ায়, আদালত শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।

তবে তাদের গ্রেপ্তারের দাবিতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে মিছিল করে ছাত্রদল। আলাউদ্দিনসহ অন্যরা আদালত থেকে বের হওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এ সময় পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) খান মুহাম্মদ আবু নাসের জানান, পাঁচজনের মধ্যে আলাউদ্দিন একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্য চারজনকে নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।