গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৫৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হক।
সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি।
জাহিদুল হক বলেন, “হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনার পর থেকেই পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করে আটক করতে অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে।”
এর আগে, এ ঘটনায় গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা নিজাম উদ্দিনকে বাসন এলাকা থেকে এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দিপুকে কাশিমপুর থানা আটক করা হয়।
গাজীপুর বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির মূখপাত্র সমন্বয়ক বশির আহমেদ অপু জানান, হাসনাত আব্দুল্লাহ ঢাকা ফেরার পথে তার গাড়ি গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকার ভোগড়া বাইপাস এলাকায় পৌঁছালে ১০-১২ টি মটোরসাইকেলসহযোগে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় হাসনাত আব্দুল্লাহ আহত হন।
এনসিপির গাজীপুরের তত্ত্ববধায়ক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “এই বর্বর হামলা আওয়ামী লীগের মদদপুষ্ট। আমরা মনে করি, ছাত্রলীগ ও যুবলীগ এতে জড়িত। রাষ্ট্র যদি হামলাকারীদের আড়াল করে, তাহলে রাজপথেই তার জবাব দেওয়া হবে।”