বিএনপি: জুবাইদা ও জাইমা রহমানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই

ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনোই কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এবং এখনও নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “তাদের নামে ফেসবুকে পোস্ট করা কোনো মন্তব্যে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।”

বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর নয়া পল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, “একটি চক্র পরিকল্পিতভাবে ডা. জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য, বানোয়াট মন্তব্য পোস্ট করছে। এ আই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে অসাধু প্রতারকচক্র ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। এসব অপপ্রচারের উদ্দেশ্য হলো, জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরণের ডিজিটাল জালিয়াতির কাজে যুক্ত রয়েছে, তারা সুদুরপ্রসারী কোনো চক্রান্তের নীলনকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি।”

রিজভী আহমেদ বলেন, “সৌজন্যবোধসম্পন্ন ও বিনয়ী ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেসবুকসহ এআই’র মাধ্যমে এডিট করে ছবি ও ভিডিও তৈরি ও প্রচার করা শুধু গর্হিত কাজই নয়, এটি একটি গুরুতর অপরাধ। আমরা এমন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

এসব অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান রিজভী। তিনি মনে করেন, “একটি গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোনো স্থান নেই, তাই প্রযুক্তির সুযোগ নিয়ে মিথ্যার সংস্কৃতি প্রসারিত করার চেষ্টা করা হলেও তা জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়।”