মির্জা ফখরুল: প্রধান উপদেষ্টার বক্তব্যে পুরো জাতি হতাশ

প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে ঘোষণায় শুধু বিএনপি নয়, গোটা জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৬ জুন) দিবাগত রাত ১টা ২৫ মিনিটের দিকে চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সামনে নির্বাচনের সময়সূচি নিয়ে এই প্রতিক্রিয়া জানান তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বার বার বিএনপি বলে এসেছে, দ্রুত নির্বাচন চায় বিএনপি। সেটাই আশা করেছিলাম, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু নিঃসন্দেহে বিএনপি শুধু নয়, গোটা জাতি হতাশ হয়েছে এপ্রিলে নির্বাচনের ঘোষণায়।”

মির্জা ফখরুল জানান, দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানানো হবে।

রাতে ১টা ২৫ মিনিটের দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছান মির্জা ফখরুল ইসলাম। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও ফিরেছেন।

বিএনপি মহাসচিব দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং তার আরোগ্য কামনায় দোয়া করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তার সঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে, শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস নির্বাচনের একটি সময় ঘোষণা করেন। সেখানে তিনি বলেন, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে।

এদিকে, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণা করার পর শুক্রবার (৬ জুন) রাতে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যে শব্দ চয়ন রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছে বলে মনে করে বিএনপি। তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান।

প্রসঙ্গত, রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে গত ১৩ মে ব্যাংকক যান মির্জা ফখরুল। পরদিন সেখানকার রুটনিন আই হসপিটালে ভর্তি হন। ১৫ মে তার চোখে অস্ত্রোচার হয়।হাসপাতালের ছাড়পত্র পাওয়ার পর ব্যাংকক থেকে স্ত্রীকে নিয়ে ঢাকার পথে রওনা হন বিএনপি মহাসচিব।