নগর ভবনে তালা দিয়ে ইশরাক সমর্থকদের আন্দোলন অব্যাহত

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ‍হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে আন্দোলন অব্যাহত রেখেছেন তার সমর্থকরা।

রবিবার (২২ জুন) নগর ভবন তালা দিয়ে বেলা ১১টার দিকে আন্দোলন শুরু করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা । এ সময় তারা নগর ভবনের সামনে মঞ্চ বানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীরা বলেন, “উপদেষ্টা আসিফ ক্ষমতার জেরে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানো থেকে বঞ্চিত রেখেছেন। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, দাবি আদায়ের আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানো না হলে নগর ভবনের তালা খোলা হবে না।”

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। সে সময় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয় সে জন্য গত ১৪ মে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

এমন পরিস্থিতিতে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ১৫ মে থেকে আন্দোলন নামেন ইশরাক সমর্থকরা। তাদের আন্দোলনের কারণে ডিএসসিসি নগর ভবন কার্যত অচল হয়ে পড়ে। কিন্তু আইনি জটিলতার কথা বলে ইশরাকের শপথের আয়োজন থেকে বিরত থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এরপর এ রিট মামলার ওপর কয়েক দফা শুনানির পর তা খারিজ করে আদেশ দেন হাইকোর্টের বেঞ্চ।