২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলা ও কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা, বিস্ফোরক এবং নাশকতার তিনটি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কাইমুল হক রিংকু।
তিনি জানান, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় এসব মামলা রাজনৈতিক বিবেচনায় দায়ের করা হয়েছিল। আইন মন্ত্রণালয়ের নির্দেশে মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয় এবং শুনানির পর বিচারকরা খালেদা জিয়াকে অব্যাহতি দেন।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়, যেখানে খালেদা জিয়াসহ ৭৮ জনকে আসামি করা হয়েছিল। শুনানিতে আদালত জানায়, ঘটনার সময় খালেদা জিয়া গুলশানের বাসায় অবরুদ্ধ ছিলেন এবং তাঁর সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক সফিকুল ইসলাম তাকে অব্যাহতি দেন।
এছাড়া ২০১৫ সালের ২৫ জানুয়ারি হায়দারপুরে কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় দায়ের করা নাশকতার মামলায়ও খালেদা জিয়াসহ ৪২ জনকে আসামি করা হয়। এই মামলাতেও বিচারক আফরোজা শিউলি তার সম্পৃক্ততা না পাওয়ায় অব্যাহতি দেন।
পিপি কাইমুল হক রিংকু জানান, “মামলা তিনটি রাজনৈতিক বিবেচনায় দায়ের করা হয়েছিল। আইন মন্ত্রণালয়ের নির্দেশে সেগুলো প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে খালেদা জিয়া এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আর কোনো মামলা নেই।”