জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভের ডাক হেফাজতের

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটি জানিয়েছে, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ ও সার্বভৌমত্বের জন্য হুমকি।

বৃহস্পতিবার (১০ জুলাই) হেফাজতে ইসলামের পল্টন জোনের সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ইমরানুল বারী সিরাজী সংবাদমাধ্যমকে বলেন, “ঢাকায় জাতিসংঘ মানবাধিকারবিষয়ক আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ ও সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে এ ধরনের কার্যালয় বসানো মূলত বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য প্রচেষ্টা।”

সংগঠনটি জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক সকল ঈমানদার, দেশপ্রেমিক ও স্বাধীনতা-সচেতন নাগরিকদের দলমত নির্বিশেষে শুক্রবারের শান্তিপূর্ণ কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ৩৩তম সভায় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় স্থাপনের খসড়া সমঝোতা স্মারক চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

একইসঙ্গে নিষ্ঠুর নির্যাতন, অমানবিক বা অপমানজনক আচরণবিরোধী জাতিসংঘের কনভেনশনের ঐচ্ছিক প্রটোকলে (ওপি-ক্যাট) বাংলাদেশের যোগদানের প্রস্তাবও অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।