Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের খসড়া অনুমোদন

উপদেষ্টা পরিষদে নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশনে যোগদানের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৮:৩৩ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভায় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় স্থাপনের খসড়া সমঝোতা স্মারক চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

একইসঙ্গে নিষ্ঠুর নির্যাতন, অমানবিক বা অপমানজনক আচরণবিরোধী জাতিসংঘের কনভেনশনের ঐচ্ছিক প্রটোকলে (ওপি-ক্যাট) বাংলাদেশের যোগদানের প্রস্তাবও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৩৩তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপদেষ্টা পরিষদের সভায় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) স্থাপনে খসড়া সমঝোতা স্মারকের (এমওইউ) চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর হচ্ছে সংস্থাটির মানবাধিকার সংক্রান্ত প্রধান নীতিনির্ধারণী ও তত্ত্বাবধানকারী দপ্তর।

সভায় জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) খসড়া অধ্যাদেশ, মালয়েশিয়ার বাংলাদেশের নতুন কনস্যুলেট স্থাপনের প্রস্তাব, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’র খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মালয়েশিয়ার জহুর বাহরুতে নতুন একটি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল স্থাপনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় “মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫”-এর খসড়াকে আইন ও সংসদবিষয়ক বিভাগের চূড়ান্ত যাচাই সাপেক্ষে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। “জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”র খসড়াও ওই সভায় নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়াও, ফেনী ও নোয়াখালীতে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়েও সভায় আলোচনা হয়। সংশ্লিষ্ট উপদেষ্টারা বন্যা পরিস্থিতি এবং সরকারের গৃহীত ব্যবস্থা সম্পর্কে বৈঠকে অবহিত করেন।

প্রসঙ্গত, ২০০২ সালে নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশনের ঐচ্ছিক প্রটোকলটি ঘোষিত হয়। এর মূল লক্ষ্য হলো—নির্যাতন ও নিষ্ঠুর, অমানবিক বা অপমানজনক আচরণ থেকে সুরক্ষা নিশ্চিত ও জোরদার করা।

১৯৯৮ সালে বাংলাদেশ জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদে যুক্ত হয়েছিল বলে বৈঠকের পর জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

   

About

Popular Links

x