নাহিদ: কেউ কেউ শুধু ক্ষমতা চায়, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়

এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে। কোনো কোনো রাজনৈতিক দল শুধু দ্রুত নির্বাচন চাইছে। সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। দেশের সংস্কারের জন্য যদি কেউ না থাকে, আমরা যারা জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে আপনারা যারা নেমেছিলেন, যারা শহিদ হয়েছেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না।’’

রবিবার (১৩ জুলাই) দুপুরে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় শহিদ মিনার প্রাঙ্গণে এনসিপির পথসভায় এ কথা বলেন তিনি।

মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রসঙ্গে নাহিদ আরও বলেন, ‘‘এই চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছে না। ঢাকায় যে বীভৎসতম ঘটনা ঘটেছে, কীভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে মেরে ফেলা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই।’’

এনসিপির এই নেতা বলেন, ‘‘স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নেই যে তারা করেনি। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট ভোটাধিকার হরণ, সন্ত্রাস, এমন কোনো অপকর্ম নেই যে ফ্যাসিস্ট সরকার করেনি। তারা তিনবার দেশের মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রেখেছে।”

পথসভা শুরু করার আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনে পিরোজপুরের শহিদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন।