জি এম কাদের: সংস্কারের নামে যেটা চলছে, তা সার্কাস

সংস্কারের নামে দেশে যেটা যেটা চলছে, তা সার্কাস বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (১৪ জুলাই) দুপুরে রংপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘‘সংস্কারের নামে যেটা চলছে, তা সার্কাস। জ্ঞানীগুণীরা সংস্কারের কথা বলছেন। কিন্তু দেশের রাজনীতি, সংস্কৃতি, ইতিহাস কোনটি এবং কতটুকু গ্রহণ করবেন, এটা তারা জানেন না। কীভাবে সরকার চলে, এটাও তাদের ধারণা নেই। নারী, গণমাধ্যম ও এনবিআর সংস্কারের কোনোটিই জনগণ গ্রহণ করছে না। কাজেই সংস্কার নিয়ে সার্কাসের উদ্দেশ্য সেই একতরফা নির্বাচন।’’

তিনি বলেন, ‘‘এই মবকে যেকোনোভাবে মদদ দেওয়া হয়েছিল, ব্যবহার করা হয়েছিল। এখন বোঝা যাচ্ছে, এই মব যারা তৈরি করেছিলেন, শক্তি প্রদর্শন করেছিলেন, ফায়দা লুটেছেন- তারা আর কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করতে পারছেন না।’’

জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, ‘‘দলীয়করণের মাধ্যমে পুলিশ প্রশাসনের মনোবল ক্ষুণ্ন করা হয়েছে। এখন তাদের মাধ্যমে কোনো কাজ করাতে পারছেন না। আপনি যদি পুলিশ বা প্রশাসনকে কাজ করাতে না পারেন, মব দিয়ে আপনি ইলেকশন (নির্বাচন) করাতে পারবেন। কিন্তু যে ইলেকশন করবেন সেই মবের ইলেকশন (নির্বাচন) কি দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে?’’

সংবিধান সংস্কার প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘‘এখন বলছেন, নির্বাচনের সঙ্গে লাগবে সংস্কার ও বিচার। সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। বিচার তো চলতেই পারে। এক বছরে আপনি না করেন, ১০ বছর পরও বিচার হতে পারে। বিচারের জন্য অপেক্ষা করলে ৫০ বছরেও নির্বাচন করতে পারবেন না।’’