সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ শুরু

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী বাংলাদেশের জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। সমাবেশে উপস্থিত হয়েছেন দলের আমির শফিকুর রহমান। তার সভাপতিত্বে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নেতা-কর্মীদের বিপুল উপস্থিতি দেখা গেছে। সকাল থেকে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপর হামদ-নাত ও একে একে ইসলামি সঙ্গীতও পরিবেশন করা হয়।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে আসতে শুরু করে দলটির নেতা-কর্মীরা। আজ শনিবার সকালে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয় হাজার হাজার নেতা-কর্মী। এতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যান পেরিয়ে বাইরেও প্রচুর মানুষকে অবস্থান নিতে দেখা গেছে।