পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে আজ অনুষ্ঠিত হবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি।
সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে এ পদযাত্রা শুরু হবে। পরে শহরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে জনসভা।
এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে নানা স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়া ঝোলানো হয়েছে ব্যানার ও ফেস্টুন।
এদিকে, এনসিপির এসব কর্মসূচি ঘিরে খাগড়াছড়িতে সকাল থেকেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিয়েছেন।
খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল সাংবাদিকদের বলেন, “এনসিপির কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”
জানা গেছে, আজ খাগড়াছড়ির কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।