রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় সভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) মাগরিবের নামাজের পর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সভায় মনোহর বাদশাকে ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভার সময় মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় কার্যক্রম পরিচালনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই মসজিদে দলীয় রাজনৈতিক সভা আয়োজনকে ধর্মীয় স্থানের আদব লঙ্ঘন বলে মন্তব্য করেন।
একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘মসজিদকে পার্টি অফিস বানিয়ে ফেলছে।’ আরেকজন মন্তব্য করেন, ‘মসজিদ আল্লাহর ঘর, এখানে দলীয় রাজনীতির স্থান নেই।’
এ বিষয়ে মিঠাপুকুরের হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, “রাজনৈতিক সভায় সাধারণত প্রতিপক্ষের সমালোচনা হয়, যা গিবতের পর্যায়ে পড়তে পারে। এছাড়া মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় সভা করলে মসজিদের আদব ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে।”
অভিযোগের বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল বলেন, “তারা সাধারণত মসজিদভিত্তিক কিছু কর্মসূচি পালন করলেও এ ধরনের সভা নিয়মিত করেন না। তিনি দাবি করেন, ঘটনাস্থলে তখন অন্য কোনো লোকজন ছিল না বলেই মসজিদটি ব্যবহার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ইসলামের দৃষ্টিতে মসজিদ হচ্ছে সংসদ। তবে বিষয়টি নিয়ে যে সমালোচনা হয়েছে, তা আমরাও দেখেছি। সামাজিক দৃষ্টিকোণ থেকে মানুষ এটিকে ইতিবাচকভাবে নেয় না। ভবিষ্যতে বিষয়টি খেয়াল রাখা হবে।”



