গোপালগঞ্জে নিরীহদের হয়রানি না করার আহ্বান বিএনপির

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় নিরীহ সাধারণ মানুষকে হয়রানি না করার অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান।

সোমবার (২২ জুলাই) সকালে জেলা শহরের পৌর মার্কেট এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

রফিক উজ্জামান বলেন, “১৬ জুলাই এনসিপির পূর্ব ঘোষিত সমাবেশ পণ্ড করার জন্য আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলো শহরের প্রবেশমুখগুলো অবরোধ করে রাখে। এরপর সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য ও বিএনপি নেতাদের তোরণেও হামলা চালানো হয়।”

তিনি আরও বলেন, “সমাবেশ শেষ হলে এনসিপির নেতাদের তারা আক্রমণ করতে চড়াও হয়। এক পর্যায়ে এনসিপির নেতাকর্মী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অনেক লোক হতাহত হয়। আইনশৃঙ্খলা বাহিনী যেসব মামলা করেছে, সেখানে কোনো নিরীহ ও শান্তিপ্রিয় নাগরিককে হয়রানি না করার জন্য আমরা অনুরোধ করছি।”

এনসিপির সমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলায় হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “ভবিষ্যতে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের কর্মসূচিতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তার জন্য জেলা ও পুলিশ প্রশাসনকে সজাগ থাকতে হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, দলটির নেতা ডা. কে এম বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, রবিবার (২০ জুলাই) উপজেলার ঘাঘর বাজারের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ কেন্দ্র করে সংঘর্ষের জেরে কোটালীপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণগ্রেপ্তার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা।