আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ৩৬ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে জাতীয় সংসদের বাকি আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এ তালিকা ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
এ সময় দলটির সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রার্থীদের মধ্যে রয়েছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী-৩, সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-২, জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান ঠাকুরগাঁও-২ এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন নেত্রকোনা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া, দলটির গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ কিশোরগঞ্জ-১, দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান টাঙ্গাইল-২, উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান রংপুর-১, শহিদুল ইসলাম পটুয়াখালী-১, নুরে এরশাদ সিদ্দিকী কুড়িগ্রাম-৩, আশরাফুল বারী হবিগঞ্জ-৩, খালিদ হাসেন খুলনা-৫ এবং কবীর হোসেনকে টাঙ্গাইল-৬ আসনে প্রার্থী করা হয়েছে।
তালিকায় রয়েছেন, দলের সহ-সভাপতি ইব্রাহিম রওনক (ঢাকা-৫), গোলাম সরওয়ার খান (পাবনা-২), মোহাম্মদ জাহিদুর রহমান (মুন্সিগঞ্জ-১), শফিকুল ইসলাম (কিশোরগঞ্জ-২), মীর মো. শাহজাহান (রাজশাহী-১) ও ওয়াহেদুর রহমান (নারায়ণগঞ্জ-৩); যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার (চট্টগ্রাম-৯), আইন সম্পাদক শেখ শওকত হোসেন (ঢাকা-১৯), সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসাইন (নীলফামারী-৩), শিল্প-বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সহসম্পাদক মো. ইমরান খান (পিরোজপুর-৩) এবং সদস্য জাহিদুর রহমান (সিলেট-৬) ও মহিউদ্দিন ইউসুফ (বরগুনা-১)।
তালিকায় আরও রয়েছেন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন (টাঙ্গাইল-৭), ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া (ঢাকা-১৩), চট্রগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক এমদাদুল হাসান (চট্রগ্রাম-১২), মানিকগঞ্জ জেলার সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোছাইন (মানিকগঞ্জ-১), গাইবান্ধা জেলার সহ-সভাপতি মো. সুরুজ্জামান (গাইবান্ধা-৩), বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ (চট্টগ্রাম-১৪) এবং সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম (সাতক্ষীরা-১)।
এ তালিকায় থাকা অন্যরা হলেন, আবদুজ জাহের (নোয়াখালী-৪), আবদুর রহমান (গাজীপুর-২), আবদুল কাদের (কক্সবাজার-১), রবিউল হাসান (পটুয়াখালী-৪) এবং নাছরিন আক্তার (চট্টগ্রাম-৩)।