মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। গতরাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা। লা-লিগা কর্তৃপক্ষকে চিকিৎসা সংক্রান্ত তথ্য না দেওয়ার কারণে সম্প্রতি বার্সেলোনার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন টের স্টেগেন।
হাঁটুর ইনজুরিতে গত মৌসুমে বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন টের স্টেগেন। গত মাসের শেষ দিকে পিঠে অস্ত্রোপচার করান তিনি। অস্ত্রোপচারের কারণে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।
লা লিগার নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় চার মাসের বেশি মাঠের বাইরে থাকেন, তাহলে বার্ষিক বেতনের ৮০% বাদ দিয়ে নিয়ম মেনে নতুন খেলোয়াড় নিবন্ধন করা যাবে।
কিন্তু বার্সেলোনার সঙ্গে বিরোধের কারণে চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য লা লিগাকে দিতে চাননি টের স্টেগেন। তাই টের স্টেগেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে বার্সেলোনা।
এ নিয়ে বার্সার বিবৃতিতে বলা হয়, “মার্ক–আন্দ্রে টের স্টেগেনের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরুর পর এবং বিষয়টি পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত পরিচালক পর্ষদ ও কোচিং স্টাফের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ক্লাব সাময়িকভাবে তাকে মূল দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
টের স্টেগেনের জায়গায় বার্সেলোনার অধিনায়কের দায়িত্ব পালন করবেন বর্তমান সহ-অধিনায়ক রোনাল্ড আরাউহো।