আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ইংল্যান্ড থেকে অন্তত পাঁচটি দল অংশ নিতে যাচ্ছে। ইউরোপিয়ান পারফরম্যান্স স্পট (ইপিএস) নিশ্চিত হওয়ায় প্রিমিয়ার লিগের জন্য এই অতিরিক্ত সুযোগ তৈরি হয়েছে।
সম্প্রতি কোয়ার্টার ফাইনালে স্পোর্তিং সিপির বিপক্ষে আর্সেনালের ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয়ের পর উয়েফার কোয়েফিশিয়েন্ট র্যাংকিংয়ে শীর্ষ দুই লিগের একটি হিসেবে ইংল্যান্ডের অবস্থান নিশ্চিত হয়। এর ফলে টানা দ্বিতীয় মৌসুমে অতিরিক্ত একটি চ্যাম্পিয়ন্স লিগ স্পট পাচ্ছে প্রিমিয়ার লিগ।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ এই তিন প্রতিযোগিতায় সম্মিলিত পারফরম্যান্সের ভিত্তিতে সেরা দুটি লিগকে এই বোনাস স্পট দেওয়া হয়। চলতি মৌসুমে শুরু থেকেই এই তালিকায় শীর্ষে ছিল ইংল্যান্ডের ক্লাবগুলো।
এই মৌসুমে ইউরোপের তিন প্রতিযোগিতায় অংশ নেওয়া ইংল্যান্ডের ৯টি দলই গ্রুপ পর্ব পেরিয়ে যায়, যার মধ্যে পাঁচটি দল জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে যা তাদের আধিপত্যকেই তুলে ধরে।
তবে সবচেয়ে বড় উত্তেজনা এখন প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায়। কে হবে পঞ্চম, আর কে পাবে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট। বর্তমানে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে লিভারপুল, তবে তাদের ঠিক পেছনেই আছে চেলসি, মাত্র এক পয়েন্ট ব্যবধানে।
এছাড়া ব্রেন্টফোর্ড ও এভারটনও খুব বেশি পিছিয়ে নেই; তারা রয়েছে মাত্র তিন পয়েন্ট দূরে। এমনকি লিগ টেবিলের ১৩তম স্থান পর্যন্ত দলগুলোর মধ্যে ব্যবধান মাত্র সাত পয়েন্ট যা এই মৌসুমের প্রতিযোগিতাকে আরও রোমাঞ্চকর করে তুলেছে।
সব মিলিয়ে, চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার লড়াই এখন প্রিমিয়ার লিগের শেষ পর্যন্ত গড়াবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।