২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাদশে তিনটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয় পাওয়া দল থেকে এজরি কোনসা, নিকো ও’রিলি ও ননি মাদুয়েকে বাদ দেওয়া হয়েছে। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন রিসি জেমস, ডিজেড স্পেন্স ও মরগান রজার্স। আগের মতোই ৪-২-৩-১ ফরমেশনে মাঠে নামবে থ্রি লায়ন্সরা।
বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে স্পেনের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে। প্রায় ছয় দশক পর বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ থাকায় ইংল্যান্ডের জন্য ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে।
ইংল্যান্ডের আক্রমণের নেতৃত্বে থাকবেন অধিনায়ক হ্যারি কেইন। তার ঠিক পেছনে প্লেমেকারের ভূমিকায় খেলবেন জুড বেলিংহাম, যিনি পুরো টুর্নামেন্টজুড়েই দারুণ ফর্মে রয়েছেন। দুই উইংয়ে থাকবেন অ্যান্থনি গর্ডন ও মরগান রজার্স। তাদের গতি ও ড্রিবলিং আর্জেন্টিনার রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অন্যদিকে, মধ্যমাঠে ডেক্লান রাইসের সঙ্গে খেলবেন এলিয়ট অ্যান্ডারসন। এই জুটির অন্যতম দায়িত্ব থাকবে লিওনেল মেসিকে নিয়ন্ত্রণে রাখা এবং আর্জেন্টিনার আক্রমণভাগের গতি কমিয়ে দেওয়া।
ইংল্যান্ডের একাদশে গোলপোস্টের নিচে থাকবেন জর্ডান পিকফোর্ড। রক্ষণভাগে খেলবেন রিসি জেমস, জন স্টোনস, মার্ক গেহি ও ডিজেড স্পেন্স। মাঝমাঠে থাকবেন ডেক্লান রাইস ও এলিয়ট অ্যান্ডারসন। আক্রমণাত্মক মিডফিল্ডে মরগান রজার্স, জুড বেলিংহাম ও অ্যান্থনি গর্ডনের ওপর দায়িত্ব থাকবে সুযোগ তৈরি করার। আর একমাত্র স্ট্রাইকার হিসেবে অধিনায়ক হ্যারি কেইন নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের আক্রমণভাগকে।



