রিয়ালের নতুন কোচ তালিকায় আলোচনায় দিদিয়ের দেশম

আগামী মৌসুমকে সামনে রেখে সম্ভাব্য কোচদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, সেই তালিকায় অন্যতম নাম ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম।

বর্তমানে ফ্রান্স জাতীয় দলের দায়িত্বে থাকা দেশম ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ শেষে তিনি দায়িত্ব ছাড়বেন। এই ঘোষণার পর থেকেই তাকে ঘিরে নতুন করে আগ্রহ দেখাচ্ছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো, যার মধ্যে রিয়াল মাদ্রিদও রয়েছে।

অন্যদিকে, বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একের পর এক শিরোপা হাতছাড়া করছে ক্লাবটি। লা লিগা শিরোপার দৌড় থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি কোপা দেল রে থেকেও বিদায় নিয়েছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগেও বায়ার্ন মিউনিখের কাছে হারের পর চাপ আরও বেড়েছে। ফলে আগামী মৌসুমে তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

এই পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ দলে নতুন প্রাণ ফেরাতে দেশমকে একটি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করছে বলে জানা গেছে। ফ্রান্সকে ২০১৮ বিশ্বকাপে শিরোপা এনে দেওয়া এবং পরবর্তী আসরে ফাইনালে তোলার অভিজ্ঞতা তার বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি ক্লাবের তারকা কিলিয়ান এমবাপে ও অরেলিয়েন শুয়োমেনির সঙ্গে তার সুসম্পর্কও রিয়ালের ভাবনায় গুরুত্ব পাচ্ছে।

তবে এখনই ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি দেশম। তিনি আপাতত পুরো মনোযোগ দিচ্ছেন ফ্রান্স জাতীয় দলকে আরেকটি বড় সাফল্য এনে দেওয়ার লক্ষ্যে।