বাংলাদেশ সফরে তরুণদের নিয়ে আশাবাদী কিউই কোচ

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াই তুলনামূলক তরুণ দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টম লাথামের নেতৃত্বে মাঠে নামবে কিউইরা।

দলের শক্তি বিবেচনায় বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার। তবে তার মতে, এই সিরিজ তরুণ ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ শেখার সুযোগ হয়ে উঠবে।

আইপিএল ও পিএসএলের ব্যস্ততার কারণে নিউজিল্যান্ডের নিয়মিত অনেক ক্রিকেটার এই সফরে নেই। তাদের জায়গায় সুযোগ পাওয়া তরুণরা আন্তর্জাতিক অঙ্গনে নতুন হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আসছেন।

দলের প্রস্তুতি নিয়ে কোচ বলেন, মৌসুম শেষ হওয়ার পর কিছু খেলোয়াড় শ্রীলঙ্কায় ছিল, আর বাকিরা নিজ নিজ প্রদেশে থেকেই এই সফরের জন্য প্রস্তুতি নিয়েছে। তিনি জানান, দলে এমন কয়েকজন ক্রিকেটার আছেন, যারা আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে বাংলাদেশে খেলেছেন। সেই অভিজ্ঞতা এই সিরিজে কাজে আসবে বলে আশা করছেন তিনি।

রব ওয়াল্টার মনে করেন, ভবিষ্যতের জাতীয় দলের ভিত্তি গড়ে তুলতে হলে এখন থেকেই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ দিতে হবে তরুণদের। তার ভাষায়, শক্তিশালী দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নতুনদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করবে।

বাংলাদেশ দলকে নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন এই কিউই কোচ। সাম্প্রতিক পারফরম্যান্সের কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশ একটি শক্তিশালী দল এবং ঘরের মাঠে তারা সবসময়ই চ্যালেঞ্জিং প্রতিপক্ষ। তাই এই সিরিজ তরুণদের জন্য যেমন পরীক্ষা, তেমনি নিজেদের প্রমাণ করারও বড় সুযোগ।“