আন্তর্জাতিক হকিতে বাংলাদেশ নারী দলের প্রথম জয়

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত উইমেন্স এশিয়ান গেমস বাছাইপর্বে উজবেকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক হকিতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল।

শুক্রবার (২৪ এপ্রিল) জিবিকে হকি ফিল্ডে অনুষ্ঠিত উইমেন্স এশিয়ান গেমস বাছাইপর্বে উজবেকিস্তানকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। 

উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১১ মিনিটে লিড নেয় শারিকা রিমনের গোলে। ২৪ মিনিটে ওপেন প্লে থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নিয়ে যান কণা আক্তার।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচের মোড় আরও নিজেদের দিকে ঘুরিয়ে নেয় বাংলাদেশ। বিরতির পর ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন ম্যাচসেরা আইরিন রিয়া। তবে শেষ কোয়ার্টারে সহজে হার মানেনি উজবেকিস্তান। খায়াদারোভা জুলখুমর পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান কমিয়ে আনে।

শেষদিকে চাপের মুখে পড়লেও স্থিরতা দেখিয়েছে বাংলাদেশের নারী দল, যাদের বেশিরভাগই অনূর্ধ্ব-২১ পর্যায়ের খেলোয়াড়। সেই দৃঢ়তা দিয়েই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইতিহাস রচনা করেছেন তারা।

আন্তর্জাতিক সিনিয়র পর্যায়ে এটি বাংলাদেশের নারী হকি দলের প্রথম জয়। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের শীর্ষে বাংলাদেশ। আগামী রবিবার হংকং নারী দলের বিপক্ষে গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচ মেয়েদের। আট দলের এ টুর্নামেন্টে শীর্ষ চার দল চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে।