Monday, August 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল, সামনে রয়েছে যেসব শর্ত

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল  

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম

বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ অথবা ৬ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হতে পারে ম্যাচটি। তবে ম্যাচটি এখনো চূড়ান্ত নয়; সামনে রয়েছে বেশ কিছু শর্ত ও জটিলতা।

ব্রাজিলের প্রস্তাব অনুযায়ী, আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর ঢাকায় আসতে পারে তারা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে আসার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের।

এরইমধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে। মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখার পাশাপাশি রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা।

তবে বাংলাদেশের আন্তর্জাতিক সূচিই এখন সবচেয়ে বড় বাধা। ২৪ সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ। ৩ অক্টোবর হবে ফাইনাল। বাংলাদেশ গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে। ফলে আসিয়ান কাপের সূচির সঙ্গে ব্রাজিল ম্যাচের সময় মেলানোই এখন বড় চ্যালেঞ্জ।

এর সঙ্গে রয়েছে ফিফার আন্তর্জাতিক উইন্ডোর নিয়ম। নির্ধারিত সময়ে বাংলাদেশের ম্যাচসংখ্যা কত হবে, আসিয়ান কাপের ম্যাচের পর ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়মসম্মত হবে কি না, এসব বিষয়ও বাফুফেকে নিশ্চিত করতে হবে।

আরেকটি বিষয় হলো, আসিয়ান কাপে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে ফিফার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের জায়গায়। ভারত ব্রাজিলের বিপক্ষে ৩ অক্টোবর কলকাতায় ম্যাচ খেলার কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে। তাই বাংলাদেশ এখন আসিয়ান কাপ থেকে সরে গিয়ে ব্রাজিলের বিপক্ষে খেলবে কি না, সেটিও বড় সিদ্ধান্ত।

অর্থাৎ ব্রাজিলের প্রস্তাব থাকলেও ম্যাচটি নিশ্চিত করতে হলে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি, ফিফার নিয়ম, আসিয়ান কাপে অংশ নেওয়ার প্রতিশ্রুতি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয়, সবকিছুই বিবেচনায় নিতে হবে।

তবে সব শর্ত পূরণ করা গেলে ৫ অথবা ৬ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে খেলতে দেখা যেতে পারে ব্রাজিলকে। এখন অপেক্ষা বাফুফের চূড়ান্ত সিদ্ধান্তের।

   

About

Popular Links

x