Thursday, November 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

লিটনের বিশ্ব রেকর্ড, টেস্টের এক ইনিংসে ৮ ডিসমিসাল

দেড়শ বছরের টেস্ট ইতিহাসে এক ইনিংসে এতো ডিসমিসাল নেই কোনো উইকেটরক্ষকের

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

টেস্ট ক্রিকেটের এক ইনিংসে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

বুধবার (১৮ নভেম্বর) জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে আটটি ডিসমিসাল সম্পন্ন করে এই কীর্তি গড়েন লিটন।

প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে এক ইনিংসে এত বেশি ডিসমিসাল নেই আর কোনো উইকেটরক্ষকের।

দক্ষিণ আফ্রিকার ১০ উইকেটের মধ্যে আটটিতেই অবদান রাখেন তিনি। ছয়টি ক্যাচ নেওয়ার পাশাপাশি দুটি স্টাম্পিং করেন লিটন। তার এই কীর্তির দিন স্বাগতিকরা ৫৫৭ রানে অলআউট হয়।

মেহেদী হাসান মিরাজের বলে কাগিসো রাবাদাকে স্টাম্পিং করার মধ্য দিয়ে ঐতিহাসিক মুহূর্তের জন্ম দেন লিটন। মিরাজের বলে টানা দুটি ছক্কা হাঁকিয়েছিলেন রাবাদা। দ্বিতীয় ছক্কায় টেস্টে নিজের সর্বোচ্চ রানের ইনিংস গড়েন তিনি। তবে পরের বলেও বড় শট খেলতে গিয়ে লিটনের স্টাম্পিংয়ের শিকার হন এই প্রোটিয়া ব্যাটার।

এই ডিসমিসালের মধ্য দিয়ে এক ইনিংসে লিটনের শিকার সংখ্যা দাঁড়ায় আটে। এর আগে পাঁচজন উইকেটরক্ষকের যৌথভাবে দখলে ছিল সাতটি ডিসমিসালের রেকর্ড।

১৯৭৯ সালে অকল্যান্ডে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্টের এক ইনিংসে সাতটি ডিসমিসালের কীর্তি গড়েছিলেন পাকিস্তানের ওয়াসিম বারি। পরে ইংল্যান্ডের বব টেলর, নিউ জিল্যান্ডের ইয়ান স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া ডি সিলভা একই কীর্তি পুনরাবৃত্তি করেন।

লিটনের রেকর্ড গড়া পারফরম্যান্সে মিরাজের বলে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করার ঘটনাটিও রয়েছে। বাকি ছয়টি ডিসমিসাল আসে ক্যাচ থেকে। দক্ষিণ আফ্রিকার মার্ক অ্যাকারম্যান ও ডেন প্যাটারসনের বিদায়ে অবশ্য লিটনের কোনো ভূমিকা ছিল না।

লিটনের সামনে এখন আরেকটি মাইলফলক স্পর্শের সুযোগ রয়েছে। টেস্ট ম্যাচের দুই ইনিংস মিলিয়ে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ১১টি। ইংল্যান্ডের রবার্ট রাসেল ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, এবি ডি ভিলিয়ার্স ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে এবং ভারতের ঋষভ পান্ত ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে যৌথভাবে এ রেকর্ড গড়েন।

প্রসঙ্গত, রাসেল ও ডি ভিলিয়ার্স দুজনই জোহানেসবার্গে এই কীর্তি গড়েছিলেন। সেই একই মাঠে এবার তাদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে লিটনের সামনে। দ্বিতীয় ইনিংসে যা-ই ঘটুক না কেন, এক ইনিংসে আটটি ডিসমিসাল করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজের নাম ইতোমধ্যে স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন লিটন।

এদিকে, হাসান মাহমুদের বলে অ্যাকারম্যানের ক্যাচ নেন তাসকিন আহমেদ। আর দক্ষিণ আফ্রিকার শেষ উইকেট প্যাটারসনকে লং-অফে ক্যাচ নিয়ে ফেরান হাসান। এর মধ্য দিয়ে ৫৫৭ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। লিটনের বিশ্ব রেকর্ডের দিনে বাংলাদেশকে ১৫৭ রানের লিড দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৪০০ রানে অলআউট হয় বাংলাদেশ।

   

About

Popular Links

x