দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও নাইমুর রহমান দুর্জয়দের ক্রিকেটে ফেরা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান পরিষ্কার করেছেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আইনি সমস্যা সমাধান করে এলে বোর্ড তাঁদের সব ধরনের ক্রিকেটীয় সহায়তা প্রদান করবে।
সাকিবের ফেরা নিয়ে বারবার প্রশ্ন উঠলে তামিম ইকবাল বিষয়টিকে সামগ্রিকভাবে দেখার অনুরোধ জানান। তিনি বলেন, “আমরা গত এক-দুই বছর ধরে একজন নির্দিষ্ট ক্রিকেটার, নাম বললে সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। আমি অনুরোধ করব এই প্রশ্নটা যখন করেন আমাদের তিনজন ক্রিকেটার—সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের পরিস্থিতিতে আছে। আমার মনে হয় না এটা উচিত হবে এখানে বসে শুধু একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলা।”
তিনি বলেন, “আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেকোনো ধরনের সুযোগ-সুবিধা আমরা তাঁদের স্বাগত জানাব। আইনের যে বিষয়গুলো আছে, আমাদের প্রতিমন্ত্রীও বলেছেন আমরা নমনীয় হব। ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের তরফ থেকে ক্রিকেটীয় যেসব সহায়তা করতে পারি সেটা আমরা সবসময় করব।”
সাকিবদের জাতীয় দলে ফেরার রাস্তা খোলা থাকলেও তা নির্ভর করছে তাঁদের ব্যক্তিগত আইনি ঝামেলার সমাধানের ওপর। বিসিবি প্রধান স্পষ্ট করে বলেন, “আমরা তাঁদের স্বাগত জানাব যদি উনারা ওই সমস্যা সমাধান করে আসেন।”
সাকিব আল হাসান সম্প্রতি ভারতের একটি সংবাদমাধ্যমে বছরের শেষ নাগাদ দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে বিসিবি সভাপতির এমন বক্তব্যের পর এটি স্পষ্ট যে, পারফরম্যান্সের চেয়েও তাঁদের ফেরার ক্ষেত্রে আইনি ও রাজনৈতিক জটিলতা নিরসনই এখন প্রধান চ্যালেঞ্জ। ক্রিকেটের এই নক্ষত্ররা পুনরায় মাঠে ফিরতে পারবেন কি না, তা এখন সময়ের ওপর নির্ভর করছে।