ভারত-চীনে বিশ্বকাপ দেখা নিয়ে শঙ্কা

আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে ‘ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬’। কিন্তু বৈশ্বিক এই আসরের সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতায় পড়েছে ভারত ও চীন।  

এখনও এই দুই দেশে সম্প্রচারের কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। বিষয়টি সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। 

গত সোমবার (৪ মে) সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ভারতে বিশ্বকাপের স্বত্ব পেতে রিলায়েন্স ও ডিজনি যৌথ উদ্যোগে দুই কোটি ডলারের প্রস্তাব দিয়েছে, যা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র চাহিদার তুলনায় খুবই কম। ফিফা এই দামে রাজি নয়। জাপানি প্রতিষ্ঠান সনি এ নিয়ে আলোচনা করলেও শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের জন্য ফিফাকে কোনো প্রস্তাব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

চীনের সঙ্গেও বিশ্বকাপের সম্প্রচার নিয়ে ফিফার কোনো চুক্তির ঘোষণা আসেনি। ফিফার তথ্যমতে, ২০২২ বিশ্বকাপ চলাকালে বিশ্বজুড়ে ডিজিটাল ও সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে মোট যত সময় খেলা দেখা হয়েছে, তার ৪৯.৮% দেখেছেন চীনের দর্শক।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিবৃতিতে ফিফা জানায়, ২০২২ বিশ্বকাপে বৈশ্বিক টিভি দর্শকের ১৭.৭% ছিল চীনের এবং ২.৯% ছিল ভারতের। এছাড়া ডিজিটাল স্ট্রিমিংয়ে এই দুই দেশের সম্মিলিত অংশ ছিল ২২.৬%। এ পর্যন্ত বিশ্বের ১৭৫টির বেশি অঞ্চলে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপের ম্যাচগুলো ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে হওয়ায় দর্শকসংখ্যা কমতে পারে। ভারতে ক্রিকেটের তুলনায় ফুটবলের বাণিজ্যিক আকর্ষণ তুলনামূলকভাবে কম। হাতে সময় কম থাকায় দ্রুত চুক্তি চূড়ান্ত, সম্প্রচার অবকাঠামো প্রস্তুত এবং বিজ্ঞাপন বাজার সক্রিয় করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্টদের জন্য।

তবে বিজ্ঞাপন সংস্থা ডেন্টসু ইন্ডিয়ার স্পোর্টস পার্টনার রোহিত পোতফোদে বলেন, “হাতে সময় খুব কম, তবে একে অচলাবস্থা বলা যাবে না। বরং দাবার শেষ পর্যায়ের মতো আর কয়েকটি চাল বাকি মাত্র।”