মুশফিক পৌঁছাল ১৬,০০০ রানের মাইফলকে

মুশফিকুর রহিমের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ভর করে সিলেট টেস্টে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে দাপুটে ব্যাটিংয়ে ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেন এই অভিজ্ঞ ব্যাটার। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করে নতুন ইতিহাস গড়েন তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১০২.২ ওভারে ৩৯০ রানে অলআউট হয়। ফলে জয়ের জন্য পাকিস্তানের সামনে দাঁড়ায় ৪৩৭ রানের কঠিন লক্ষ্য। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৭৮ রান, জবাবে পাকিস্তান থেমে যায় ২৩২ রানে।

তৃতীয় দিনের শুরুতে ৩ উইকেটে ১১০ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলীয় ১১০ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৫ রান করে ফিরলে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর লিটন দাসের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন মুশফিক। পঞ্চম উইকেটে এই দুই অভিজ্ঞ ব্যাটার যোগ করেন ১২৩ রান। লিটন ৯২ বলে ৬৯ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে রেখে বড় সংগ্রহের ভিত গড়ে দেন মুশফিক।

এরপর সপ্তম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে আরও ৭৭ রানের জুটি গড়ে দলকে নিরাপদ অবস্থানে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ২৩৩ বলে ১২ চার ও ১ ছক্কায় ১৩৭ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন মুশফিক।

এই ইনিংসেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের অনন্য কীর্তি স্পর্শ করেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই মাইলফলক অর্জন করেন মুশফিক এবং বিশ্বের ৩৪তম ক্রিকেটার হিসেবে নাম লেখান এই এলিট তালিকায়। একই সঙ্গে টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি করে মুমিনুল হককে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিকও হয়েছেন তিনি।

বাংলাদেশের হয়ে এছাড়া মাহমুদুল হাসান জয় ৫২ এবং তাইজুল ২২ রান করেন। পাকিস্তানের হয়ে খুররাম শাহজাদ ৪টি, সাজিদ খান ৩টি এবং হাসান আলি ২টি উইকেট নেন।