ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আজ মুখোমুখি হবে ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনাল ও ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
বাংলাদেশ সময় শনিবার (৩০ মে) রাত ১০টায় প্রায় ৬৭ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে দুই দলই। ঘরোয়া লিগে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি এবার চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
ফ্রান্সের লিগ ওয়ানে দীর্ঘদিন ধরেই আধিপত্য ধরে রেখেছে পিএসজি। তবে এবারের চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা খুব একটা সহজ ছিল না তাদের। লিগ পর্বে প্রত্যাশা অনুযায়ী ফল না পেলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নকআউট পর্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দলটি।
প্লে-অফ ও নকআউট পর্বে একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে প্যারিসের ক্লাবটি। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালেও তারা আক্রমণাত্মক ফুটবল খেলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।
অন্যদিকে এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে আর্সেনাল। লিগ পর্বে শতভাগ জয়ের রেকর্ড গড়ে তারা নকআউট পর্বে জায়গা করে নেয়। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে পৌঁছে যায় লন্ডনের ক্লাবটি।
দুই দলের সাম্প্রতিক লড়াইয়েও রয়েছে উত্তেজনাপূর্ণ ইতিহাস। গত মৌসুমে সেমিফাইনালে আর্সেনালকে বিদায় করেছিল পিএসজি। তবে লিগ পর্বে আর্সেনালও জয় পেয়েছিল ফরাসি জায়ান্টদের বিপক্ষে।
সব মিলিয়ে ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল। নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।