বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল (রোববার)। রাজধানীর মিরপুরে অবস্থিত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে সন্ধ্যার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। তবে নির্বাচন ঘিরে এবার তেমন উত্তাপ বা প্রতিদ্বন্দ্বিতার আবহ দেখা যাচ্ছে না।
২৫ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে মোট ১২ জন প্রার্থী থাকলেও নির্বাচিত হবেন ১০ জন। এরই মধ্যে মিনহাজুল আবেদিন নান্নু এবং মঈন উদ্দিন চট্টগ্রাম অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হওয়ার কথা। তবে এই তিন বিভাগে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় ফল নির্ধারিত হয়ে গেছে। একইভাবে ঢাকা বিভাগে দুই পদের বিপরীতে তিনজন মনোনয়ন দাখিল করলেও যাচাই-বাছাইয়ে একজনের মনোনয়ন বাতিল হওয়ায় বাকি দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন এবং ঢাকা বিভাগের সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।
খুলনা বিভাগে দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন শফিকুল আলম, শান্তনু ইসলাম এবং আব্দুস সালাম। সংশ্লিষ্ট মহলের হিসাবে শফিকুল আলম ও শান্তনু ইসলাম এগিয়ে রয়েছেন। অন্যদিকে বরিশাল বিভাগে একটি পদের জন্য লড়বেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরি। সেখানে মিজানুর রহমানকে সম্ভাব্য এগিয়ে থাকা প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।
ক্যাটাগরি-৩ থেকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে বৈধতা অর্জনের মাধ্যমে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোঃ আলমগীর।
অন্যদিকে ঢাকার ক্লাব ক্যাটাগরিতে মনোনয়ন প্রত্যাহারের পর ১৬ জন প্রার্থীর প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মীর্জা ইয়াসির আব্বাস, শাহনিয়ান তানিম, আসিফ রাব্বানী এবং ফায়াজুর রহমান মিতু।
নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের মতে, ক্লাব ক্যাটাগরিতে তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মীর্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, আসিফ রাব্বানী, অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম এবং ফায়াজুর রহমান মিতু তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন।
সব মিলিয়ে বেশ কয়েকটি পদে আগেই ফল নির্ধারিত হয়ে যাওয়ায় এবারের বিসিবি নির্বাচন তুলনামূলকভাবে কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও ক্লাব ক্যাটাগরির ভোটে শেষ পর্যন্ত কারা পরিচালক পরিষদে জায়গা করে নেন, সেদিকেই থাকবে ক্রিকেটাঙ্গনের মূল নজর।