বিসিবি পরিচালক হওয়ার পরদিনই পদত্যাগ করলেন প্রতিমন্ত্রীর ছেলে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ গঠনের ২৪ ঘণ্টাও পার হয়নি। এরই মধ্যে পর্ষদ থেকে পদত্যাগের ঘটনা ঘটেছে।

সোমবার (৮ জুন) বিসিবির নবনির্বাচিত বোর্ডপ্রধান তামিম ইকবাল বরাবর নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজশাহী অঞ্চল থেকে নির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত।

বিসিবি পরিচালক নির্বাচিত হলেও তিনি দায়িত্ব ছেড়ে দেবেন, কয়েক দিন আগেই সংবাদমাধ্যমকে এমন আভাস দিয়েছিলেন বগুড়ার এই ক্রীড়া সংগঠক। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে সেই কথাই রাখলেন তিনি। পদত্যাগপত্রে তিনি নিজের তীব্র ‘ব্যবসায়িক ব্যস্ততা’কে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।

মীর শাকরুল আলম সীমান্ত বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে। মীর শাহে আলম সরকারের মন্ত্রিত্বের নতুন দায়িত্ব নেওয়ার পর তাদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানির শেয়ারসহ সার্বিক পরিচালনার পুরো ভার এসে পড়েছে ছেলে মীর সীমান্তের ওপর।

বর্তমানে একাধিক ফিলিং স্টেশন, অটো রাইস মিল, পুষ্টি চালের কার্নেল ফ্যাক্টরি, আয়োডিন ফ্যাক্টরি, পুষ্টি মিশ্রণ ফ্যাক্টরি, মিনি কোল্ড স্টোরেজ, বৃহৎ কৃষি খামার, প্রাণী খামার এবং ফ্লাওয়ার মিলসহ বেশ কয়েকটি বড় ব্যবসাপ্রতিষ্ঠান সরাসরি তদারকি করছেন মীর সীমান্ত।

বোর্ড সভাপতি তামিম ইকবালকে দেওয়া পদত্যাগপত্রে মীর সীমান্ত লিখেছেন, “বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছি। তবে আমার বাবা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার ওপর ন্যস্ত রয়েছে। এ কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা আমার পক্ষে সম্ভব হবে না।”

তিনি আরও উল্লেখ করেন, নিজের দায়িত্বশীলতার জায়গা থেকে এবং দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই তিনি পরিচালকের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তাঁর এই পদত্যাগপত্রটি দ্রুত গ্রহণ করার জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানিয়েছেন।

বিসিবির নতুন বোর্ড গঠনের পরদিনই এমন নাটকীয় পদত্যাগে ক্রিকেট মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শূন্য হওয়া এই পরিচালক পদে পরবর্তীতে কাকে আনা হবে, সে বিষয়ে বিসিবি সূত্র এখনো কিছু জানায়নি।