সারাদেশের মতো বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে সিরাজগঞ্জ। কে ফেভারিট, কে জিতবে ২০২৬ বিশ্বকাপ তা নিয়ে ঘরে-বাইরে ও চায়ের স্টলে চলছে মুখরোচক আলোচনা। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচনা হচ্ছে লিটন সরকারের ব্রাজিল বাড়ি ও ব্রাজিল গাড়ি নিয়ে। সিরাজগঞ্জ শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা পরিবহন ব্যবসায়ী লিটন সরকার তার বাড়ির নাম দিয়েছেন ব্রাজিল বাড়ি।
বুধবার (১০ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দূর থেকেই চোখে পড়ে হলুদ-সবুজ রঙে মোড়ানো দৃষ্টিনন্দন একটি বাড়ি। দেখলেই মনে হবে যেন ব্রাজিলের কোনো ছোট্ট অংশ এসে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ শহরের মোক্তারপাড়া মহল্লায়।
পুরো বাড়ি তিনি ব্রাজিলের পতাকার রঙে হলুদ ও সবুজে রাঙিয়েছেন। পাশাপাশি তার মালিকানাধীন একটি যাত্রীবাহী বাসকেও ব্রাজিলের পতাকার রঙে সাজিয়েছেন। ২০১৮ সালে তিনি প্রায় কয়েক লাখ টাকা ব্যয়ে বাড়িটি নির্মাণ করেন।
ব্রাজিল বাড়ির মালিক লিটন সরকার বলেন, “ব্রাজিলের খেলা আমার ভালো লাগে। ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলা দেখি। আমি ব্রাজিলকে ভালোবাসি। আমি ব্রাজিলের গেঞ্জি বানিয়েছি, ব্রাজিল বাড়ি করেছি, ব্রাজিল গাড়ি করেছি। সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে পতাকা লাগিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, এবার ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ব্রাজিলের ঘরেই যাবে।”
ব্রাজিল বাড়ি দেখতে আসা শিক্ষার্থী, যুবক ও পেশাজীবীদের সঙ্গে কথা বললে তারা জানান, লিটন সরকারের এই বাড়িটি দেখতে খুবই সুন্দর। তিনি সুন্দর করে ব্রাজিলের পতাকার রঙে বাড়িটি সাজিয়েছেন। তার বাড়ি দেখেই মনে হবে তিনি ব্রাজিলের একনিষ্ঠ একজন ভক্ত।
ব্রাজিল বাড়ি দেখতে এসে উচ্ছ্বসিত হয়রত আলী বলেন, এবার ব্রাজিল কাপ নেবে। ব্রাজিল একটি শক্তিশালী দল, এ দলকে এবার কেউ হারাতে পারবে না।