কাতার নারী দলের হেডকোচ বাংলাদেশের ফাতেমা

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হয়েছেন বাংলাদেশ নারী দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরা। 

বুধবার (১০ জুন) লিংকডইনের এক পোস্টে হেড কোচ হিসেবে দায়িত্বের কথা জানান ফাতেমা নিজেই। এরপর থেকেই প্রশংসায় ভাসতে থাকতেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক এ প্লেয়ার।

২০০৭ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার শুরু করেন ফাতেমা। তবে সেইসময় তিনটি ওয়ানডে  খেলেই বিদায় জানিয়েছিলেন ক্রিকেটকে।

এরপর শুধুই ইতিহাস। এরপর দীর্ঘ এক দশকেরও বেশি সময় বিকেএসপিতে কাজ করেন, নিজেকে কোচিং পেশার জন্য গড়ে তুলতে। 

২০১১ সালে নারী দলের সহকারী কোচ হিসেবে তিন মাস কাজ করেন ফাতেমা। এরপর আর থেমে থাকতে হয়নি তাকে। ২০১৭ সালে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে চার মাস দায়িত্ব পালন করেন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেটে চুক্তিভিত্তিক কাজ করেছেন তিনি। 

২০২২ সালে বিকেএসপি ছাড়েন। তখনই মালদ্বীপ ক্রিকেটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন। সেখানে কাজ করেন টানা দুই বছর। ২০২৪ সালের আগস্টে পাড়ি জমান চীনে। চীনা ক্রিকেট অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কোচ হিসেবে দায়িত্ব পালনের পর যোগ দিলেন কাতার দলে।

ভবিষ্যতে সুযোগ পেলে বাংলাদেশের হয়ে কাজ করতে চান অদম্য ফাতেমা।