ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির চেষ্টা, অতঃপর...

রাঙ্গামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে দানবাক্স চুরির চেষ্টার সময় এক তরুণকে আটক করেছেন বিহারের উপাসক-উপাসিকারা। 

বৃহস্পতিবার (১২ জুন) ভোরে এ ঘটনা ঘটে। পরে লিখিত মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বিহারের ভিক্ষু সংঘ পিণ্ড সংগ্রহের কাজে ব্যস্ত থাকাকালে অভিযুক্ত তরুণ রাজবন বিহারের মূল মন্দির থেকে একটি কাঠের দানবাক্স নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় উপস্থিত উপাসক-উপাসিকাদের নজরে বিষয়টি এলে তারা তাকে হাতেনাতে আটক করেন।

রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সদস্য স্নেহাশিস চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক হওয়ার পর ওই তরুণ নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবেন না বলে প্রতিশ্রুতি দেন। পরে তার কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, অভিযুক্ত তরুণ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাসিন্দা।

রাঙ্গামাটির অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান রাজবন বিহারে প্রতিদিন শত শত ভক্ত ও উপাসক ধর্মীয় কার্যক্রমে অংশ নিতে আসেন। বিহারের দানবাক্সে জমা হওয়া অর্থ দিয়ে প্রতিষ্ঠানটির রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়।

এ ঘটনার পর রাজবন বিহারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ভক্ত ও দর্শনার্থী। বিহার কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।