ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’ তে এবার দেখা যাবে অন্যতম আকর্ষণীয় এক লড়াই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আফ্রিকার শক্তিশালী দল মরক্কো। ম্যাচটি শুধু তিন পয়েন্টের লড়াই নয়, বরং আন্তর্জাতিক ফুটবলের দুটি দুর্দান্ত অপরাজেয় রেকর্ডেরও পরীক্ষা।
একদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টানা ৯২ বছর অপরাজিত ব্রাজিল। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলে টানা ২৯ ম্যাচে হারহীন মরক্কো।
সাবেক কোচ ওয়ালিদ রেগ্রাগুই দায়িত্ব ছাড়ার পর জাতীয় দলের দায়িত্ব নেন মোহামেদ ওয়াহবি। তার অধীনেও দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে আটলাস লায়ন্সরা। টানা ২৯টি আন্তর্জাতিক ম্যাচে কোনো পরাজয়ের মুখ দেখেনি উত্তর আফ্রিকার দেশটি, যা তাদের ইতিহাসের অন্যতম সেরা সাফল্য।
অন্যদিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ম্যাচে ব্রাজিলের রেকর্ডও ঈর্ষণীয়। ১৯৩০ ও ১৯৩৪ সালে প্রথম ম্যাচে হারের পর গত ৯২ বছরে আর কখনো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পরাজিত হয়নি সেলেসাওরা। টানা ২০টি বিশ্বকাপ ধরে নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে থাকলেও আত্মবিশ্বাসে এগিয়ে মরক্কো। ২০২৩ সালে এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়েছিল তারা। এছাড়া কাতার বিশ্বকাপে বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো পরাশক্তিকে বিদায় করে সেমিফাইনালে জায়গা করে নিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে আফ্রিকার দলটি।
নতুন কোচ কার্লো আনচেলোত্তির অধীনে নতুন রূপে গড়া ব্রাজিলের আক্রমণের প্রধান ভরসা থাকবেন ভিনিসিউস জুনিয়র। তবে তাকে থামানোর বড় দায়িত্ব থাকবে মরক্কোর অধিনায়ক ও পিএসজির তারকা রাইট-ব্যাক আশরাফ হাকিমির কাঁধে। এই ব্যক্তিগত দ্বৈরথও ম্যাচের অন্যতম আকর্ষণ হতে পারে।
এখন দেখার বিষয়, মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর টানা ২৯ ম্যাচের অপরাজেয় যাত্রা থামাতে পারে কি না ব্রাজিল। নাকি বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের ৯২ বছরের অজেয় রেকর্ডেই আঘাত হানবে আটলাস লায়ন্স। আর যদি ম্যাচটি ড্র হয়, তাহলে অক্ষত থাকবে দুই দলেরই গর্বের রেকর্ড। উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।