চোট, সমালোচনা আর দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। মরক্কোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন সেলেসাওদের এই পোস্টার বয়।
নিজের পোস্টে নেইমার লিখেছেন, “ধন্যবাদ আমার সৃষ্টিকর্তা। আমাকে আবারও এই মুহূর্ত বাঁচার সুযোগ দেওয়ার জন্য।” বার্তার সঙ্গে তিনি ভালোবাসার ইমোজি এবং ব্রাজিলের জাতীয় পতাকার ইমোজিও যুক্ত করেছেন।
বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় গ্রুপ “সি” এর গুরুত্বপূর্ণ ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচ দিয়েই দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বকাপের আসরে দেখা যাবে নেইমারকে।
চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই তারকার প্রত্যাবর্তন ব্রাজিল সমর্থকদের জন্য বাড়তি স্বস্তির খবর। ম্যাচের আগে তার আবেগঘন বার্তা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে।
এখন সবার নজর মাঠের লড়াইয়ে। সামাজিক মাধ্যমে আবেগ প্রকাশের পর বিশ্বকাপের মঞ্চে নিজের পারফরম্যান্স দিয়েও আলো ছড়াতে পারেন কি না, সেটিই দেখার অপেক্ষা।